কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়া উপজেলার দোঘর গ্রামে নিখোঁজের দুই দিন পর আব্দুল কাইয়ুম (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে তার লাশের সন্ধান মেলে। আব্দুল কাইয়ুমের বাবা আরিফ হোসেন জানান, গত রবিবার বিকালে তার ছেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরদিন কচুয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে ফসলি জমিতে কাইয়ুমের ভাসমান লাশ পাওয়া যায়। আব্দুল কাইয়ুম শারীরিক ও মানসিক ভারসাম্যহীন ছিল।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ‘নিখোঁজ শিশুটির লাশ পাওয়ার খবর পেয়েছি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
