রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগতি উপজেলা সদর আলেকজান্ডার বাজারে গতকাল মঙ্গলবার দুপুরে অগ্নিকাণ্ডে ১১টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের পূর্ব পাশে এম অজিউল্লাহ মিয়া মার্কেটের চা-দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। রামগতির ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ১১টি দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রামগতি স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন সাব অফিসার মো. সেলিম জানান, একটি দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
