বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা বেলকুচি উপজেলার এক স্কুলছাত্রীকে বাল্যবিবাহ থেকে রেহাই দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে মেয়েটির বাড়িতে অভিযান চালায়। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বরের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। কনের বাবা মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা দেন।
মধুখালী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ফারুক
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা দৈনিক ইত্তেফাকের মধুখালী সংবাদদাতা শাহ্ মো. ফারুক হোসেন মধুখালী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন। সব সদস্যের সর্বসম্মতি ক্রমে আহ্বায়ক ইসমাইল হোসেন মঙ্গলবার দুপুরে পাবলিক লাইব্রেরির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পদাধিকার বলে কমিটির সভাপতি। এর আগে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে পাবলিক লাইব্রেরির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেনের সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আর্থিক অনুদানের চেক বিতরণ
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দিতে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে দেশে চলমান সংকট মোকাবিলায় দেশব্যাপী সোনালী ব্যাংক লিমিটেডের বিশেষ সিএসআর কার্যক্রম বাস্তবায়নের আওতায় বালিয়াকান্দি উপজেলার হতদরিদ্র, সাময়িক কর্মহীন এবং প্রান্তিক জনগোষ্ঠীর ১৭ জনের মধ্যে এ চেক দেওয়া হয়।
পাঁচবিবিতে মতবিনিময় সভা
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা পাঁচবিবিতে মঙ্গলবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় প্রাতিষ্ঠানিক/দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতিতে প্রসব নিশ্চিত এবং শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন নিশ্চিতকরণ প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত এ মতবিনিময় সভা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন।
আইনশৃঙ্খলা কমিটির সভা
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসান বাশীর প্রমুখ।
পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভা
মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে সারা দেশে গাছের চারা লাগানোর উদ্যোগ নিয়েছে বনবিভাগ। এ বিষয়ে মানিকছড়ি উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি মঙ্গলবার সভা করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির সভাপতি তামান্না মাহমুদের সভাপতিত্বে তার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রংপুর বিভাগে করোনায় ছয় জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ২৪৬ জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদের মধ্যে গাইবান্ধায় দুই জন, পঞ্চগড়ের দুই জন, রংপুরের একজন ও ঠাকুরগাঁও জেলার একজন রয়েছেন।
রোপণ হলো পিড়লের চারা
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা ধামইরহাট উপজেলার ধামইরহাট ইউনিয়নের পিড়লডাঙ্গা মোড়ে রোপিত হলো পিড়লের চারা। মঙ্গলবার দুপুরে ধামইরহাট বন বিভাগের উদ্যোগে পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা এ কে এম ফরহাদ জাহান এ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার দিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলে। এ সময় এডিস মশার লার্ভা সাইড তাসলা ১০ ডব্লিউপি প্রতি লিটার পানিতে আট গ্রাম মিশিয়ে সম্ভাব্য এডিসের আবাসস্থলে ছিটানো হয়।
