প্রতি কার্যদিবসই রেকর্ড গড়ছে শেয়ারবাজার

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:১৯

ইত্তেফাক রিপোর্ট

আগের রেকর্ড ভেঙে প্রতি কার্যদিবসই নতুন রেকর্ড গড়ছে শেয়ারবাজার। সোমবারের রেকর্ড ভেঙে মঙ্গলবার (১৭ আগস্ট) আরো ওপরে উঠেছে শেয়ারবাজার। শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কিছুটা কমলেও আড়াই হাজার কোটি টাকার বেশি হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৮৭ পয়েন্টে উঠে এসেছে, যা এযাত্কালের মধ্যে সূচকটির সর্বোচ্চ অবস্থান।

অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে ২ হাজার ৪২২ পয়েন্টে নেমে গেছে। আর ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৪টির। আর আটটির দাম অপরিবর্তিত রয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৬৭৩ কোটি ৪৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২ হাজার ৯৫৩ কোটি ৯২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ২৮০ কোটি ৪৩ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দীর্ঘদিন অবহেলিত থাকার পর দেশের শেয়ারবাজারে আবার ব্যাংক খাত জেগে উঠেছে। একই সঙ্গে বিমা খাতও বেশ ভালো ভূমিকা রাখা শুরু করেছে। মূলত এ দুই খাতের কারণে গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে মূল্যসূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে। তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ৩০টি ব্যাংকেরই দাম বেড়েছে। আর বাকি একটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়নি। অন্যদিকে বিমা খাতে তালিকাভুক্ত ৫১টি কোম্পানির মধ্যে ৪৮টির শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে তিনটির। এক বছরেরও বেশি সময় ধরে দেশের শেয়ারবাজারে ব্যাপক আলোচনায় রয়েছে বিমা খাতের কোম্পানিগুলো। কারসাজির মাধ্যমে কিছু বিমা কোম্পানির শেয়ার দাম চার-পাঁচ গুণ বাড়ানো হয় বলেও অভিযোগ রয়েছে।

বিমা কোম্পানিগুলোর শেয়ার দাম অস্বাভাবিক বাড়ার ঘটনা ঘটে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে। অধিক মুনাফার আশায় সাধারণ বিনিয়োগকারীদের একটি অংশ সেই অস্বাভাবিক দামে শেয়ার কেনে। এরপর দাম কমে যাওয়ায় লোকসানের মধ্যে পড়েন অনেকে। চলতি বছরের এপ্রিলে আবার বিমা কোম্পানির শেয়ার দাম বাড়ার প্রবণতা দেখা যায়।

গতকাল টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১০৭ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ১০০ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৯৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে— ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, এবি ব্যাংক, ওরিয়ন ফার্মা, কেয়া কসমেটিকস, রিং সাইন টেক্সটাইল, জিবিবি পাওয়ার, সাইফ পাওয়ার টেক, মালেক স্পিনিং মিলস, ইসলামিক ফাইন্যাস ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১১৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১০৯ কোটি ৭০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩২৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৭টির ও ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে।