বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বালক গ্রুপে কুমিল্লা ও কক্সবাজার এবং বালিকা গ্রুপে ফেনী ও কুমিল্লা দাপট দেখিয়েছে।
বঙ্গবন্ধু কাপ ফুটবলের প্রথম খেলায় শেখ আহমদের হ্যাটট্রিকের কল্যাণে কক্সবাজার জেলা ৪-০ গোলে ফেনী জেলার বিরুদ্ধে এবং দ্বিতীয় খেলায় নেছার আহমদ অপুর হ্যাটট্রিকের সুবাদে কুমিল্লা জেলা একই ব্যবধানে লক্ষ্মীপুর জেলার বিরুদ্ধে জয়লাভ করে। অন্যদিকে বঙ্গমাতা ফুটবলের প্রথম খেলায় ফেনী জেলা ২-০ গোলে কক্সবাজার জেলাকে এবং কুমিল্লা জেলা ৩-০ গোলে লক্ষ্মীপুর জেলাকে হারিয়েছে। এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বিশেষ অতিথি ছিলেন। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আহসান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর, সিজেকেএসের যুগ্ম-সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমুখ।
