গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত হোক

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:৩১

দীর্ঘদিন কঠোর বিধিনিষেধের পর সরকার মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির কথা ভেবে ১১ আগস্ট থেকে গণপরিবহনসহ প্রায় সবকিছু খুলে দিয়েছে। বলা হয়েছে, সড়কপথে আসনসংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন চলবে। কিন্তু দেখা যাচ্ছে, পরিবহনশ্রমিকরা বাড়তি ভাড়ার পাশাপাশি আসনের বাইরেও অতিরিক্ত যাত্রী তুলছে। এত যাত্রী তুলছে যে গাড়ির ভিতরে পা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। এতে করে এই করোনাকালে গাড়ির মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনো উপায় থাকছে না। তাছাড়া, বর্তমানে পরিবহনশ্রমিকদের মাস্ক ব্যবহারে বেশ উদাসীনতা লক্ষ করা যায়। নীতিনির্ধারণী মহল থেকে নিয়ম লঙ্ঘনকারী বাস অপারেটর ও মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হচ্ছে। কিন্তু বাস্তবে তার প্রতিফলন নেই। এজন্য সবকিছু বিবেচনা করে গণপরিবহন ছেড়ে দিলেও স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সংশ্লি­ষ্ট কতৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি।

রিয়াদ হোসেন, শিক্ষার্থী, সরকারি বিএল কলেজ, খুলনা