বুড়িমারী-কাকিনা-রংপুর রুটে আন্তঃজেলা বাস প্রয়োজন

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:৩২

সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের মানুষ প্রতিদিন চিকিত্সাসেবাসহ নানা প্রয়োজনে বিভাগীয় শহর রংপুরে যাতায়াত করে। লালমনিরহাটের সর্বশেষ উপজেলা পাটগ্রামের বুড়িমারী জিরো পয়েন্ট থেকে রংপুরের দূরত্ব ১৩০ কিলোমিটারেরও বেশি। তবে রংপুরের গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতু নির্মিত হওয়ায় এ দূরত্ব কমে ৯০ কিলোমিটারে নেমে আসে। ফলে বুড়িমারী-কাকিনা-রংপর রুটের নতুন দ্বার উন্মোচিত হয়। দূরত্ব কমলেও যাতায়াতের ভোগান্তি পিছু ছাড়েনি এ অঞ্চলের মানুষের। ৯০ কিলোমিটার পথের একমাত্র যাতায়াতমাধ্যম ব্যাটারিচালিত অটোরিকশা। আবার অটোরিকশাগুলো সিরিয়াল পদ্ধতি মানায় বাড়তি ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। এ অবস্থায়, মুমূর্ষু রোগী নিয়ে যাতায়াতের জন্য সহজ ও সময় সাশ্রয়ী পরিবহন অতীব জরুরি। কিছুদিন আগে এ রুটে লেগুনা সার্ভিস চালু হলেও মাত্রাতিরিক্ত ভাড়া ও নানা অব্যবস্থাপনার অভিযোগে জর্জরিত। এই সমস্যা সমাধানে লালমনিরহাটের মানুষের প্রাণের দাবি বুড়িমারী-কাকিনা-রংপুর রুটে আন্তঃজেলা বাস সার্ভিস চালু হোক। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সাহেদুজ্জামান সাকিব

শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা