ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
খুলনার রূপসার শিয়ালী, কলাপাড়ার রাখাইনপল্লি, মৌলভীবাজারের কুলাউড়া, রামু ও নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, মন্দির ভাঙচুর ও হামলার প্রতিবাদে ভাণ্ডারিয়ায় মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদ, পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু পরিষদ, ছাত্র, যুব ঐক্য পরিষদ, শ্রীগুরুসংঘ, অবদূত্সঙ্ঘ, বাংলাদেশ সত্সঙ্ঘ, মতুয়া সম্প্রদায় ও সেবাশ্রম সংগঠন নেতাদের উদ্যোগে পৃথক পৃথক ব্যানারে স্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনারসংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদ উপজেলা সভাপতি কিরণ চন্দ্র বসুর সভাপতিত্বে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয় পার্টি-জেপির উপজেলা সদস্য সচিব এবং ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলা সভাপতি এবং সাবেক ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদ ভাণ্ডারিয়া উপজেলা শাখার সম্পাদক উত্তম কুমার দাস, সঞ্জীব কুমার মজুমদার ও সঞ্জয় মালাকার প্রমুখ। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
