স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘এদেশে যতদিন মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত থাকবে ততদিন কারো আর কোনো অসত্ উদ্দেশ্য বা ষড়যন্ত্র বাংলার মাটিতে সফল হবে না।’ ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও এই হামলার নেপথ্যের কুশীলবদের বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মহানগর আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করে।
রাসিক মেয়র বলেন, ‘আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালেবান। অস্ত্রের মাধ্যমেই তারা ক্ষমতা দখল করেছে। তারা কীভাবে সরকার গঠন করবে সেটা তাদের বিষয়। এটা নিয়ে উত্ফুল্ল হওয়ার কিছু নেই। তবে আমাদের দেশের অনেকে ভাবছে আমরা এখন অস্ত্র পাবো, ট্রেনিং পাবো। কিন্তু সেই ষড়যন্ত্রও কঠোরভাবে মোকাবিলা করা হবে।’
সমাবেশে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমন প্রমুখ বক্তব্য রাখেন।
