স্টাফ রিপোর্টার, বগুড়া
বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উত্সব উপলক্ষ্যে আয়োজিত ওয়ার্ল্ড কুইজ প্রতিযোগিতায় বিশ্বের ৪০০ শিক্ষার্থীকে পেছনে ফেলে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে দেশের দুই শিক্ষার্থী ওমান জাফর ও স্নেহা মাহাযাবীন। তারা বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
আলিশা হোল্ডিংস লিমিটেডের সহযোগিতায় গত শুক্র ও শনিবার প্রথম বারের মতো আন্তর্জাতিক এ বিতর্ক উত্সবের আয়োজন করে ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ)। এতে বাংলাদেশ, ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ ৩৬টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নওয়ার্ল্ড কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বের চার শতাধিক শিক্ষার্থী। রবিবার রাতে বিতর্ক উত্সব এবং কুইজ প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়।
বাংলাদেশি দুই শিক্ষার্থীর প্রথম ও দ্বিতীয় হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন এনডিএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং রাজশাহী জোনের সমন্বয়ক অরূপ রতন শীল। অরূপ রতন শীল বলেন, শুক্রবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার দুই দিনব্যাপী এ ভার্চুয়াল বিতর্ক উত্সবের উদ্বোধন করেন। এতে বাংলাদেশ ছাড়াও ৩৬টি দেশের ১ হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিতর্ক উত্সবের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয় সিলেট ক্যাডেট কলেজ ও ঝিনাইদহ ক্যাডেট কলেজের দুটি দল। বিচারকদের রায়ে ঝিনাইদহ ক্যাডেট কলেজ দলগতভাবে চ্যাম্পিয়ন হয়।
