এক জনের করোনায় দেশ জুড়ে লকডাউন!

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২২:১১

ছয় মাসের মধ্যে এই প্রথম নিউজিল্যান্ডে এক নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর তাতেই দেশ জুড়ে তিন দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি অকল্যান্ড শহরে শনাক্ত হয়েছেন। ঐ শহরে সাত দিনের লকডাউন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

নিউজিল্যান্ড কর্তৃপক্ষের ধারণা, ঐ ব্যক্তি করোনার ডেলটা ধরনে আক্রান্ত। তার বয়স ৫৮ বছর। ধারণা করা হচ্ছে, তিনি বৃহস্পতিবার এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডান বলেন, লকডাউন চলাকালে স্কুল, অফিস এবং সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময়ের মধ্যে শুধু জরুরি পরিষেবা চালু থাকবে।

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ২০ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। আরো ৩৩ শতাংশ মানুষ নিয়েছেন এক ডোজ টিকা। এ অবস্থায় ডেলটা ভ্যারিয়েন্ট যাতে ছড়িয়ে না পড়ে সেজন্যই কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। উল্লেখ্য, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৬ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯২৬ জন।