হত্যা মামলায় মৃত্যুদন্ড থেকে খালাস পেলেন কিশোরগঞ্জের মকবুল

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২২:১২

খালাস পেলেন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মকবুল হোসেন। রাজধানীর সবুজবাগে ওলিউল্লাহ নামে একজনকে খুনের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। হাইকোর্ট সেই রায় বহাল রাখে। ঐ রায়ের বিরুদ্ধে আসামির আপিল গ্রহণ করে ফাঁসির রায় বাতিল করে দেয় আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রায় দেন।

আদালতে আসামির পক্ষে সিনিয়র আইনজীবী ফজলুর রহমান ও উম্মে কুলসুম রেখা এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ শুনানি করেন।

আসামি মকবুল হোসেন ওরফে মকবুল হাসানের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ছিলনী গ্রামে। ২০০৩ সালের ২৮ ডিসেম্বর ওলিউল্লাহ নামে একজন বেল্ট ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ঐ ঘটনায় করা মামলায় ২০০৬ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল মকবুলকে মৃত্যুদণ্ড দেয়। ২০১২ সালে ঐ রায় বহাল রাখে হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করেন আসামি।