যশোরে বিএনপি কার্যালয়ে হামলা, ১০ নেতাকর্মী আহত

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২২:১২

শহরের লালদীঘির পাড়ের জেলা বিএনপির কার্যালয়ে গতকাল মঙ্গলবার হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনায় বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। বিএনপির দাবি, ছাত্রলীগ নেতাকর্মীরা শ্লোগান দিয়ে এ হামলা চালায়। তবে এ বিষয়ে ছাত্রলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জেলা ছাত্রদল সভাপতি রাজিদুর রহমান সাগর জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মঙ্গলবার বিএনপি কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে বেলা সাড়ে ১২টার দিকে নেতাকর্মীদের উপস্থিতিতেই অতর্কিত হামলার ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মী এই হামলা চালায়। তারা ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে অফিসের কম্পিউটার, টেলিভিশন, চেয়ার-টেবিল বেপরোয়া ভাঙচুর করে এবং একটি ল্যাপটপ নিয়ে যায়। এছাড়া অফিসের সামনে থাকা ১০টি মোটরসাইকেল ভেঙে ফেলে। এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু ও হাজী আনিছুর রহমান মুকুলসহ বিএনপি ও ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হন। এই হামলার প্রতিবাদে গতকাল দুপুরে জেলা বিএনপির উদ্যোগে দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল হয়।

জেলা পুলিশের মুখপাত্র ও ডিবি ওসি রূপন কুমার সরকার জানান, বেলা সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর হয়। এ ঘটনায় গোলাম রেজা দুলু নামে একজন জখম হয়েছেন। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের দাবির ব্যাপারে জেলা ছাত্রলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে একাধিকবার মোবাইলে ফোন ও মেসেজ পাঠিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।