তিন বিঘা করিডোরে দুই বাংলাদেশিকে মারধর

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২২:১২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা গ্রামে প্রবেশের তিনবিঘা করিডোরের পাশে ভারতীয় অংশে দুই বাংলাদেশিকে বিএসএফ সদস্যরা মারধর করেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক চলাকালে দুই ঘণ্টা করিডোর বন্ধ রেখেছিল বিএসএফ। গত সোমবার দুপুরে মারধরের ঘটনার পর সন্ধ্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী বাসিন্দা জানান, সোমবার দুপুরে নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ খড়িবাড়ী গ্রামের জয়নাল আবেদীন (৩২) ও একই এলাকার আল মামুন (৩০) মোটরসাইকেলে করে তিনবিঘা করিডোর দিয়ে দহগ্রাম আঙ্গপোতা গ্রামে প্রবেশ করতে চায়। এসময় তারা ভুল বশত তিনবিঘা করিডোর গেট ও সড়ক ট্রাফিক পয়েন্টের বাম দিকের সড়ক দিয়ে প্রায় ১০০ গজ ভেতরে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে। ভারতীয় তিনবিঘা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ঐ দুই বাংলাদেশিকে আটক করে কোনো কিছু বুঝে ওঠার আগেই সঙ্গে থাকা রাইফেল দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে। দুই জনই মুখ, হাত পায়ের উরুতে মারধরের আঘাতে আহত হন। আহত অবস্থায় তারা বাংলাদেশের বিজিবির পানবাড়ি চেকপোস্টে এসে বিজিবি সদস্যদের বিএসএফের মারধরের ঘটনা জানায়।

বিজিবি বাংলাদেশি দুই যুবককে মারধরের প্রতিবাদ করে ও পতাকা বৈঠকের আহ্বান জানায়। সন্ধ্যা ৬টায় তিনবিঘা করিডোর গেটের পানবাড়ি অংশে রাস্তায় দাঁড়িয়ে দুই দফা পতাকা বৈঠকে মিলিত হয় বিজিবি ও বিএসএফ। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলেও তারা মত প্রকাশ করেন। বৈঠকের সময় তিনবিঘা করিডোর সাধারণ মানুষের চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে। রাত ৮ টার দিকে পতাকা বৈঠক শেষে লোকজনের চলাচলের জন্য গেট উন্মুক্ত করে দেওয়া হয়।

এ ব্যাপারে ৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বলেন, ‘ভুলবশত দুই বাংলাদেশি যুবক ভারতীয় অংশে প্রবেশ করেন। তাদেরকে মারধরের ঘটনার আমরা প্রতিবাদ জানিয়েছি। পতাকা বৈঠকে বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।