তুচ্ছ ঘটনার জের

কোটালীপাড়ায় শিক্ষকের হাতে বেধড়ক মারধরের শিকার এক শিক্ষার্থী

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২২:১৩

 ‘স্যার আমি এতিম, আমার মা-বাবা নেই, আমাকে মাইরেন না। স্যারের হাতে-পায়ে ধরেও ক্ষমা পাইনি। স্যার আমাকে বেদম মারধর করেছেন। আমি এখন চলাফেরা করতে পারি না’—গতকাল মঙ্গলবার বাড়িতে গেলে এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলে উপজেলার সিতাইকুন্ড নেছারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তৌফিক জামান মৃদুল। তুচ্ছ ঘটনার জেরে চরম মারধরের শিকার হয় উপজেলার সিতাইকুন্ড গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে মৃদুল।

জানা গেছে, গত ১১ আগস্ট সিতাইকুন্ড নেছারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে ঐ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণির ছাত্রদের মধ্যে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে নবম শ্রেণির দল অষ্টম শ্রেণির দলকে ৩টি গোল দেয়। দ্বিতীয়ার্ধের খেলায় অষ্টম শ্রেণির ছাত্র তামিম হোসেন হাওলাদারের সঙ্গে তৌফিক জামান মৃদুলের কথা কাটাকাটির এক পর্যায়ে তামিম মৃদুলকে লাথি মারে। এ সময় মৃদুলও তামিমকে লাথি মারে। এ দৃশ্য দেখে তামিমের পিতা স্কুল শিক্ষক শাহাদাত্ হোসেন দৌড়ে মাঠে গিয়ে মৃদুলকে বেধড়ক মারধর শুরু করে। মারধরে গুরুতর আহত মৃদুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অর্থাভাবে পূর্ণ চিকিত্সা না করিয়ে মৃদুলকে বাড়ি নিয়ে আসে তার পরিবার। মৃদুল বর্তমানে বাড়িতে শয্যাশায়ী। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।