সিরিজ বোমা হামলায় বিএনপি জড়িত ছিল :কাদের

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২২:১৪

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, তত্কালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আশ্রয়-প্রশ্রয়ে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সারা দেশে সিরিজ বোমা হামলা চালিয়েছিল। সিরিজ বোমা হামলায় বিএনপি জড়িত ছিল, তা না হলে কেন তারা নীরব ছিল?

গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ যৌথভাবে এ সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, এই দেশের রাজনীতিতে ১৫ আগস্টের হত্যাকাণ্ড, ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা ও ২১ আগস্টের গ্রেনেড হামলা অভিন্ন ষড়যন্ত্রের অংশ। এগুলোর মাস্টারমাইন্ড বিএনপি। সব ঘটনায় প্রমাণ হয় বাংলাদেশের সাম্প্রদায়িক ও ষড়যন্ত্রের রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে তারা। তত্কালীন বিএনপি সরকার সিরিজ বোমা হামলাকারীদের সহায়তা করেছিল।                এমনকি ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডও ‘বিএনপি’।

‘আওয়ামী লীগের রাজনীতিতে শিষ্টাচার ও সৌজন্যবোধ নেই’। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব এ কথা বলেছেন কারণ আমি বলেছি বেগম জিয়ার জন্মদিন ছয় দিন। তার কাছে জানতে চাই, একজন সাবেক প্রধানমন্ত্রীর ছয় দিন জন্মদিবস কেন? শিষ্টাচার আমাদের শেখাতে আসবেন না। তিনি বলেন, একটি বিদেশি গণমাধ্যমে দেখলাম হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘের কাছে জানিয়েছে যে বাংলাদেশে অনেকে গুম হয়েছে। এটা বাংলাদেশকে অপমান করার শামিল।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।