টিকা ছাড়া ১১ দেশ থেকে বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২২:১৮

ডাবল ডোজ করোনার টিকা গ্রহণ ছাড়া ইরান, স্পেন, মালয়েশিয়া, লিবিয়াসহ ১১টি দেশ থেকে আসা যাত্রীদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞার খবর জানানো হয়েছে।

এদিকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ভারত ও নেপালকে। পূর্ণ ডোজ টিকা ছাড়া ২০টি দেশ থেকে যাত্রী আসতে পারলেও তাদের থাকতে হবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

ভারতের সঙ্গে চালু হচ্ছে ফ্লাইট

ভারতের সঙ্গে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শুক্রবার থেকে প্রতিবেশী দেশটির সঙ্গে বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল মঙ্গলবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশকে ভারতের অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, আগামী ২০ আগস্ট শুক্রবার থেকে বিশেষ ব্যবস্থায় বা এয়ার বাবলের মাধ্যমে বিমান চলাচল শুরু করতে রাজি হয়েছে দুই দেশ।

প্রসঙ্গত, দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ১৪ এপ্রিল বন্ধ করা হয় সব আন্তর্জাতিক ফ্লাইট। ১৬ দিন বন্ধ থাকার পর ১ মে ১২টি দেশ ছাড়া অন্যদের সঙ্গে আকাশপথ খুলে দেওয়া হয়। তখন থেকেই বন্ধ রয়েছে ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগ। বিভিন্ন সময় নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকায় সংযোজন-বিয়োজন হলেও ভারতের সঙ্গে আকাশপথ বন্ধই ছিল। সর্বশেষ গত ৫ জুলাই থেকে ভারতসহ আট দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সার্কুলার দেয় বেবিচক। সম্প্রতি দেশটির সঙ্গে ফের ফ্লাইট চালু করতে ঢাকা-দিল্লি আলোচনা চলছিল। পরে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।