চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নাছির উদ্দিন নোবেল (৪৪) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন। গতকাল মঙ্গলবার দুপুরে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত নাছির উদ্দিন নোবেল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। গতবার তিনি পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার সকালে জমিতে চাষের কাজ করছিলেন নাছির উদ্দিন নোবেলের শ্রমিকরা। এ সময় প্রতিপক্ষের লোকজন জমিতে এসে শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেয়। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে নাছির উদ্দিন নোবেল তার লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা গুলি করে। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুলিবিদ্ধ নাছির উদ্দিন নোবেলকে মৃত ঘোষণা করেন চিকিত্সক।
নিহতের স্বজনরা দাবি করেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিল বলে প্রতিপক্ষের লোকজন তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে। এদিকে ছেলের মৃত্যুর সংবাদ শুনে নোবেলের মা রোকেয়া বেগম (৬২) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
গুলিবিদ্ধ অন্যরা হলেন—ফেরদৌস আহমদের ছেলে আজিজুল হক, আবু তাহেরের ছেলে মিজানুর রহমান, ওমর মিয়ার ছেলে ছরওয়ার হোসেন, আকবর আহমদের ছেলে আবুল কালাম ইয়াছিন, সিরাজ মিয়ার ছেলে নুরুল আমিন, আবুল হোসেনের ছেলে মো. শফি, গোলামুল ইসলামের ছেলে নুরুল কাদের, আজাহার আহমদের ছেলে জাফর আলম, মনু মিয়ার ছেলে জাহেদুল ইসলাম ও বাদশা মিয়ার ছেলে কছির উদ্দিন। গুলিবিদ্ধ ১০ জনকে প্রাথমিক চিকিত্সা শেষে উন্নত চিকিত্সার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে চকরিয়া হাসপাতালের চিকিত্সকরা।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, মূলত জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা হবে।
