কেশবপুরে মোটরসাইকেলের চালককে গলাকেটে হত্যা

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২২:২০

যশোরের কেশবপুরে ভাড়ার মোটরসাইকেলের চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রাসেল হোসেন (২৪) কেশবপুর উপজেলার সাবদিয়া গ্রামের মাজেদ হোসেনের ছেলে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাগরদাঁড়ির শ্রীপুর-টেপার মাঠ নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাসেল ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।  গত সোমবার রাতে কেশবপুর শহর থেকে ভাড়ায় যাত্রী নিয়ে রাসেল চুকনগরে যান। এরপর সেখান থেকে দুজন যাত্রী নিয়ে সাগরদাঁড়ি যাচ্ছিলেন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বাড়িতেও ফেরেননি তিনি।

কেশবপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। একই সময়ে তার ব্যবহূত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে, দ্রুতই জড়িতদের শনাক্ত ও আটকে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।