আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়ার বিষয়টি অমূলক .............................. স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০০:০৮

বাংলাদেশ থেকে কিছু লোকের আফগানিস্তানে যাওয়ার ব্যাপারে যে সন্দেহ প্রকাশ করা হয়েছে তা অমূলক বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আফগানিস্তান থেকে আমাদের দূরত্ব ১ হাজার মাইল। মাঝখানে আরো দুটি দেশ রয়েছে। আমাদের বিমান চলাচল বন্ধ রয়েছে, তাহলে কি হেঁটে হেঁটে গিয়েছেন? এ ধরনের চিন্তা করাটা অমূলক। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, সম্প্রতি তালেবানরা আফগানিস্তানে যুদ্ধে যেতে আহ্বান জানিয়েছে। আর এই আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ হিজরতে (ঘর ছেড়ে) বেরিয়েছে। তাদের মধ্যে কিছু গ্রেফতার হয়েছে ভারতে, আর কিছু হেঁটে যাওয়ার চেষ্টা করছে।’

গতকাল সচিবালয়ে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো অমূলক। আমার মনে হয় যারা বলছেন, যারা সন্দেহ করছেন, তাদের সন্দেহটি সঠিক নয়। আমাদের দেশের মানুষ যারা ইসলামি মনোভাবের, তারা কখনই জঙ্গিবাদ ও উগ্রবাদকে আশ্রয়-প্রশ্রয় দেয়নি, পছন্দও করেনি। কাজেই সেখানে কী হচ্ছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমাদের দেশে কী হবে সেটি নিয়ে আমাদের একটি সরকার আছে, প্রধানমন্ত্রী আছেন, তার নির্দেশনায় আমরা কাজ করছি।