নবাবপুরে ডিসেন্ট বেকারিতে আগুন

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০০:১১

পুরান ঢাকার নবাবপুরের আলুবাজার রোড এলাকায় অবস্থিত ডিসেন্ট বেকারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে লাগা ঐ আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ৪০ মিনিটের চেষ্টায় নেভায়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন ধরে যায় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার  সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান বলেন,  রাত ৯টার দিকে আগুন নির্বাপণ করা হয়। এর আগেই আগুনে বেকারিতে বিভিন্ন পণ্য পুড়ে অন্তত ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় অন্তত ১২ লাখ টাকার মালামাল রক্ষা করতে পেরেছে।

এই কর্মকর্তা বলেন, টিনশেড ঘরে বেকারিটি অবস্থিত। এর আশপাশের লাগোয়া ভবন থাকায় শুরুতেই ফায়ারের আটটি ইউনিট দায়িত্ব পালন শুরু করে। এজন্য আশপাশের ভবনগুলোতে আগুন ছড়াতে পারেনি।

অন্যদিকে, রাত ১০টার দিকে মোহাম্মদপুরে শিয়া মসজিদের পাশে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ১ নম্বর সোসাইটি গেটসংলগ্ন একটি ভবনের বৈদ্যুতিক সুইচ বোর্ডে আগুন ধরে যায়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে।