রাজনৈতিক পট পরিবর্তনে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যে প্রভাব পড়বে না

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০০:১২

আফগানিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতায় দুশ্চিন্তার রেখা ব্যবসার ক্ষেত্রেও পড়েছে। পরিস্থিতি কোন দিকে যায় সেটার ওপর নির্ভর করছে সে দেশের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানির ভবিষ্যত্। তবে রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশের ব্যবসায় তেমন কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা।

করোনার সময়ে আফগানিস্তানে ওষুধ রপ্তানি আগের বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। যা সেদেশের সঙ্গে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য বাড়িয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেখা গেছে, বাংলাদেশের সঙ্গে দেশটির দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২ কোটি ৮৬ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৪৩ কোটি টাকার মতো (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। এর মধ্যে আমদানি হয় বেশি। তথ্যমতে, বিদায়ী ২০২০-২১ অর্থবছরে আফগানিস্তান থেকে আমদানি হয়েছে ২ কোটি ডলারের মতো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭০ কোটি টাকা। আর এসময়ে বাংলাদেশ থেকে আফগানিস্তানে ৮৬ লাখ মার্কিন ডলার বা ৭৩ কোটি ১০ লাখ টাকার পণ্য রপ্তানি হয়েছে। এর আগের অর্থবছর রপ্তানি হয়েছিল ৫৭ লাখ ডলারের পণ্য।

রপ্তানি বাণিজ্যের তথ্যে দেখা গেছে, বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ রপ্তানি হয় সবচেয়ে বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গেল বছর ৭৬ লাখ ৩২ হাজার ডলারের ওষুধ রপ্তানি হয়েছে আফগানিস্তানে।

ক্ষমতার পালাবদলে আফগানিস্তানে ওষুধ রপ্তানিতে কী প্রভাব পড়বে সে বিষয়ে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) মহাসচিব এস এম শফিউজ্জামান ইত্তেফাককে বলেন, আমাদের ওষুধের মান ভালো হওয়ার কারণেই যুদ্ধের মধ্যেও গত ২০ বছর ধরে সুনামের সঙ্গে সেদেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। করোনার সময়ে চাহিদা আরো বেড়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনেও ওষুধ রপ্তানিতে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্ট্যাডিজের গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির ইত্তেফাককে বলেন, বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্য খুব বড় নয়। রপ্তানি পণ্যে মধ্যে ওষুধ, জুট ইয়ার্ন ও তৈরি পোশাক। এর মধ্যে ওষুধের ক্ষেত্রে প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই। তৈরি পোশাকের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়লেও সেটা খুব ধীরে। অন্যদিকে আমরা যেসব পণ্য আমদানি করি তার বেশির ভাগ ফল জাতীয়। এছাড়া কিছু মসলাও আছে। সাধারণ এসব পণ্যের ক্ষেত্রে প্রভাব পড়বে না, বরং বাড়তে পারে।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে যে, আফগানিস্তানের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। নতুন সরকার আসলে বাণিজ্য আরো বাড়তে পারে। তৈরি পোশাকের ক্ষেত্রে যে আশঙ্কা আছে তাও কাটিয়ে উঠা সম্ভব। পৃথিবীর বিভিন্ন দেশে পোশাকের ক্ষেত্রে পরিবর্তন আসছে। সেদেশেও আসছে ও আসবে। চাহিদা অনুযায়ী এদেশ থেকে পোশাক রপ্তানি করা গেলে রপ্তানি আয় কমবে না।

ইপিবির তথ্যমতে, বাংলাদেশে আফগানিস্তানে আরো যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে রয়েছে, সবজি, ফলের জুস, বিস্কুটসহ ৩০টির মতো পণ্য।