সাইক্লিস্টদের জীবনের নিরাপত্তা চেয়ে দেশে পৃথক সাইকেল লেনের দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) সহ সমমনা সাতটি সংগঠন। পরিবেশবান্ধব এই বাহনের জনপ্রিয়তা বাড়াতে রাজধানীর পাশাপাশি বিভাগীয় শহরের রাস্তাগুলোতে আলাদা সাইকেল লেনেরও দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সঙ্গে সাইকেল লেন ব্যবহারের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার দাবি জানিয়েছেন তারা। ‘পর্বতারোহী সাইক্লিস্ট রেশমা নাহার রত্না হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি ও করণীয় এবং সাইকেল লেনের দাবি’—শীর্ষক অনলাইন আলোচনাসভার বক্তারা এ দাবি জানান।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও সমমনা সাতটি সংগঠন গতকাল মঙ্গলবার এই অনলাইন আলোচনাসভার আয়োজন করে। সভায় পৃথিবীর অনেক দুর্গম পর্বত জয় করা রত্নার নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছে।
পবার চেয়ারম্যান আবু নাসের খান বলেন, যাতায়াতের অন্যতম বাহন হিসেবে সাইকেলকে প্রতিষ্ঠার চেষ্টা করা এখন সময়ের দাবি। যাতায়াত নীতিমালায় সাইক্লিং পরিপন্থি ও নিরুত্সাহিত করার মতো উপাদানগুলোকে চিহ্নিত করে সেসব দূর করার ব্যবস্থা করতে হবে।
পর্বতারোহী নিশাত মজুমদার বলেন, একটি পরিবার থেকে যখন কেউ সাইকেল চালাতে বাইরে যায় তখন পরিবারের লোকজন তার দুর্ঘটনা নিয়ে দুশ্চিন্তায় থাকে। কারণ আমাদের রাস্তাঘাট সাইকেল চালানোর জন্য উপযুক্ত নয়।
পবার সম্পাদক এম এ ওয়াহেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান মাসুদুল হাসান জায়েদী, ডাব্লিউ বিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস, গ্রীনফোর্সের সমন্বয়ক মেসবাহ সুমন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান, সাইক্লিস্ট ও পরিবেশ কর্মী নওরিন ওশিন, আইনজীবী ও পবার সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম তাহিন প্রমুখ।
