রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু 

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১০:২৬

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

এদের মধ্যে করোনা পজিটিভ ৪ জন এবং করোনার উপসর্গে ৫ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। 

রামেক পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, নাটোরের ২ জন, নওগাঁর ২ জন ও মেহেরপুরের ১ জন। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ৬ জন নারী। এদের মধ্যে ৪ জনের বয়স ৬১ বছরের ঊর্ধ্বে, ২ জনের বয়স ৫১ বছরের ঊর্ধ্বে, ২ জনের বয়স ৪১ বছরের ঊর্ধ্বে ও ১ জনের বয়স ৩১ বছরের ঊর্ধ্বে।

খুলনা বিভাগে করোনায় একদিনে মৃত্যু ১৮

ছবি: আজাহার উদ্দিন।

তিনি জানান, আজ বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ২৬১ জন। এদের মধ্যে রাজশাহীর ১২৪, চাঁপাইনবাবগঞ্জের ২৭, নাটোরের ৩৮, নওগাঁর ২০, পাবনার ৩৪, কুষ্টিয়ার ১০, জয়পুরহাটের ২, সিরাজগঞ্জের ১, মেহেরপুরের ৩, বগুড়ার ১ ও টাঙ্গাইলের ১ জন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। এদের মধ্যে রাজশাহীর ৪, চাঁপাইনবাবগঞ্জের ৩, নাটোরের ২, নওগাঁর ২, পাবনার ২, জয়পুরহাটের ১, সিরাজগঞ্জের ১ ও রাজবাড়ির ১ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন। এদিন সকাল পর্যন্ত করোনা ইউনিটের আইসিইউতে রয়েছে ২০ জন।

ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, বুধবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন ২৬১ রোগীর মধ্যে ১৪৭ জনের করোনা পজিটিভ রয়েছে। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৩ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন রয়েছেন ৪১ জন।

রামেক হাসপাতাল পরিচালক জানান, মঙ্গলবার রাজশাহীর দুইটি ল্যাবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৬০১ জনের নমুনা পরীক্ষা করে ৯৫ জনের করোনা পজিটিভ হয়েছে। বর্তমানে রাজশাহীতে করোনা শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শতকরা ১৬ দশমিক ৪৪ ভাগ এবং চাঁপাইনবাবগঞ্জে করোনা শনাক্তের হার কমে দাঁড়িয়েছে শতকরা ১৩ দশমিক ৭৯ ভাগ। 

ইত্তেফাক/এএএম