খুলনা বিভাগে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪২৩ জনের।
বুধবার (১৮ আগস্ট ) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মঙ্গলবার (১৭ আগস্ট) বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছিল ৪৭১ জনের।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চারজন করে মৃত্যু হয়েছে খুলনা, যশোর ও কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে ঝিনাইদহে দুজন, চুয়াডাঙ্গা ও বাগেরহাটে একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ২০৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৮৬৭ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৯ হাজার ৭৮২ জন।
ইত্তেফাক/এমআর
