জাপানে করোনার সংক্রমণ রোধে নতুন সাত এলাকায় জরুরি অবস্থা

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৪:৪৬

জাপানে করোনার সংক্রমণ রোধে নতুন আরো সাতটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হচ্ছে। টোকিও এবং আরো পাঁচ অঞ্চলে ইতিমধ্যে জরুরি অবস্থা চলছে। দেশটির সরকার মঙ্গলবার (১৭ আগস্ট) এ কথা বলেছে।

বার্তাসংস্থা এএফপি’র বরাতে জানা যায়, আগামী ৩১ আগস্ট এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সরকার আরো কিছু এলাকায় নিষেধাজ্ঞা জারি করছে এবং দেশের সব অঞ্চলে এটি ১২ সেপ্টেম্বর পর্যন্ত চালু রাখা হবে। করোনা মোকাবিলাবিষয়ক মন্ত্রী ইয়াসুটোশি নিশিমুরা বলেছেন, ‘জাপানে যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, আগে আমাদের সেরকম অভিজ্ঞতা হয়নি।’ বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে তিনি আরো বলেন, আশঙ্কাজনক রোগীর সংখ্যা দিনদিনই বাড়ছে।

Japan expands virus emergency, weighs legal penalties

অন্যান্য দেশের তুলনায় জাপানে সংক্রমণ কম ছিল। দেশটিতে লকডাউন না দেওয়া সত্ত্বেও করোনায় মারা গেছে প্রায় ১৫ হাজার ৪০০ লোক। তবে অন্যান্য উন্নত দেশের তুলনায় জাপানে টিকা দেওয়া শুরু হয়েছে অনেক পরে। এছাড়া টিকা দেওয়ার গতিও বেশ ধীর। এ পর্যন্ত ৩৭ শতাংশ লোককে টিকার পুরো ডোজ দেওয়া হয়েছে। সম্প্রতি দেশটিতে দৈনিক ২০ হাজারেরও বেশি লোকের করোনা শনাক্ত হচ্ছে, যা দেশটির জন্য রেকর্ডসংখ্যক।

ইত্তেফাক/এএইচপি