সবজি : টমেটো

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২০:২৫

 

উদ্ভিদবিজ্ঞানীদের দৃষ্টিতে টমেটো একটি ফল হলেও সবজি হিসেবেই সারা বিশ্বে এটি অধিক পরিচিত। ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ টমেটোর তৈরি সস জগদ্বিখ্যাত।

টমেটোতে প্রচুর আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি ছাড়াও রয়েছে ভিটামিন কে, ফলিক অ্যাসিড, লাইকোপেন, ক্রোমিয়ামসহ অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন। লাইকোপেন এমন একটি বিশেষ উপাদান যা ফুসফুস, পাকস্থলী, অগ্ন্যাশয়, কোলন, স্তন, মূত্রাশয়, প্রোস্টেট ইত্যাদি অঙ্গের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। হার্টের জন্য টমেটো যথেষ্ট ভালো। কোলেস্টেরলের মাত্রা ও রক্তচাপ কমাতে সহায়ক। সুতরাং নিয়মিত টমেটো খেলে হূদরোগ বা স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে। টমেটো রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ উপকারী। টমেটোর ভিটামিন এ দৃষ্টিশক্তিকে উন্নত করে। অর্জুন গাছের রসের সঙ্গে টমেটোর রস মিশিয়ে জেলি করে প্রতিদিন খেলে হার্ট ও বুকের ব্যথা কমে। এতে বিদ্যমান ভিটামিন কে মজবুত হাড় গঠনে সহায়তা করে। ধূমপান ছাড়তে সহায়ক ভূমিকা পালনের সঙ্গে সঙ্গে ধূমপানের কারণে শরীরে সৃষ্ট ক্ষতি পুষিয়ে নিতেও এ সবজি অধিক কার্যকর। টমেটো শরীরে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। চুল ও দাঁতের জন্যও সমানভাবে উপকারী। কিডনিকে সুস্থ-সবল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

টমেটো ত্বকের জন্য বিশেষভাবে উপকারী। দামী প্রসাধনীর বিকল্প হিসেবে এটিকে ব্যবহার করা যায়। মাথার খুশকি দূর করতে টমেটোর রসের সঙ্গে ১.৪ ভাগ পানি মিশিয়ে ব্যবহার করলে সুফল পাওয়া যায়। শারীরিক পরিশ্রমের পর টমেটোর রস যে কোনো কোমল পানীয়ের চেয়ে বেশি উপকারী। গবেষকদের মতে, ব্যায়াম বা অন্য যে কোনো শারীরিক পরিশ্রমের পর টমেটোর রস পেশি পুনরুদ্ধারে বিশেষ ভূমিকা রাখে। টমেটো ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক। তাই এটি ইনফেকশন রোধ করে। প্রতি ১০০ গ্রাম কাঁচা টমেটোতে রয়েছে ৭৪ কিলোক্যালরি খাদ্যশক্তি, ২.৬ গ্রাম চিনি, ১.২ গ্রাম আঁশ, ৩.৯ গ্রাম শর্করা, ০.২ গ্রাম চর্বি এবং ০.৯ গ্রাম আমিষ। ভিটামিনের মধ্যে ০.০৮ মিলিগ্রাম ভিটামিন বি৬, ১৪ মিলিগ্রাম ভিটামিন সি, ০.৫৪ মিলিগ্রাম ভিটামিন ই এবং ০.৬ মাইক্রোগ্রাম ভিটামিন কে রয়েছে। এছাড়াও ১১ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম, ০.১১৪ মিলিগ্রাম ম্যাঙ্গানিজ, ২৪ মিলিগ্রাম ফসফরাস এবং ২৩৭ মিলিগ্রাম পটাশিয়াম উপস্থিত। তবে জাত, পরিপক্বতা ও উত্পাদনের স্থানভেদে এই পুষ্টিমানের তারতম্য ঘটতে পারে।

তানভীর তানিম