পাসপোর্ট অফিস ঘিরে ঘুষ দুর্নীতির মাধ্যমে দালাল, কর্মকর্তা, কর্মচারী সিন্ডিকেটের বিরুদ্ধে দুদক দেশের সাতটি জেলার পাসপোর্ট অফিসে গতকাল অভিযান চালিয়েছে।
দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে দিনাজপুর, বরিশাল, কুমিল্লা, টাঙ্গাইল, সিলেট, মেহেরপুর ও মুন্সিগঞ্জ জেলায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, মেহেরপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা এবং দিনাজপুরে ৪ জন দালালকে হাতেনাতে গ্রেফতার করে দুদক টিম। মুন্সীগঞ্জে অভিযান পরিচালনাকালে দুদক দেখতে পায় যে ওই দপ্তরের সহকারী পরিচালক হালিমা খাতুন এক মাস ধরে হাজিরা খাতা যাচাই করছেন না। এছাড়া তার অফিসে সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে মূল ফি’র অতিরিক্ত ১৫০০ টাকা এবং জরুরি পাসপোর্টের ক্ষেত্রে ৪০০০ টাকা অতিরিক্ত ফি প্রদান করতে হয়। টাঙ্গাইল পাসপোর্ট অফিসে দালালরা বিভিন্ন শ্রেণির গ্রাহকদের নিকট হতে বিভিন্ন মাত্রায় ঘুষ আদায় করছেন বলে দুদক টিম প্রমাণ পায়। বরিশাল পাসপোর্ট অফিসে পুলিশ সদস্যরা দালাল সেজে গ্রাহকদের নিকট হতে টাকা আদায় করছে বলে প্রমাণ পায় দুদক টিম। কুমিল্লা পাসপোর্ট অফিসে ৪ জন কর্মকর্তাকে অনুপস্থিত পায় দুদক টিম।
