বিনোদন প্রতিবেদক
‘বাংলাদেশের পিয়ানো জনপ্রিয় হয়েছে কিন্তু আমার কারণে। এর আগে আমি অনেক জনপ্রিয় শিল্পীকে নিয়ে কাজ করেছি। অসংখ্য গানের মিউজিক করেছি। সেই জায়গা থেকে ভাবলাম শুধু পিয়ানো দিয়ে কোনো অনুষ্ঠান করা যায় কি-না। এমন ভাবনা থেকেই বিভিন্ন ঘরানার শিল্পীদের নিয়ে দ্য পিয়ানো লাউঞ্জ অনুষ্ঠানটি আয়োজন করছি। পুরোপুরি ভিন্নভাবে শুধু পিয়ানোর সঙ্গে গানগুলো উপস্থাপন করা হবে।’—নিজের নতুন অনুষ্ঠান প্রসঙ্গে এমনটাই বললেন জনপ্রিয় ব্যান্ড তারকা ও সংগীত পরিচালক মানাম আহমেদ। এছাড়া দেশের প্রেক্ষাপটে এ ধরনের অনুষ্ঠান আয়োজন নিয়ে তিনি আরো বলেন, ‘আমার যেহেতু একটা জায়গা দর্শক-শ্রোতাদের কাছে আছে সেহেতু আমার মনে হয় তারা আগ্রহ নিয়েই অনুষ্ঠানটি দেখবে। আমি কী করছি সেটা ভেবে হলেও দেখবেন। তাছাড়া আমি সবসময়ই ব্যতিক্রম কিছু করতে চেয়েছি। পরে কী হবে সেটা ভেবে কাজটি করছি না।’ দ্য মিউজিক লাউঞ্চ অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে। অনুষ্ঠানের প্রথম ধাপে জনপ্রিয় ১০ জন প্রিয় সংগীতশিল্পীকে নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মন্ডল, অণিমা রায়, তাহসান, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ। প্রতিটি পর্বে শিল্পীদের সেরা ৪টি গান স্থান পাবে। মানাম আহমেদ তার সংগীত আয়োজনের জাদুকরী উপস্থাপনা দিয়ে প্রতিটি গানে অনন্য মাত্রা যোগ করার পাশাপাশি দর্শক-শ্রোতারা গানগুলোকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন বলে সকলে প্রত্যাশা করছেন।
উল্লেখ্য, মানাম আহমেদের ভিন্নধর্মী এই অনুষ্ঠানটি উপলক্ষে আজ দুপুর ১২টায় চ্যানেল আইয়ের ৩নং স্টুডিওতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মন্ডল, অণিমা রায়, তাহসান, শাফিন আহমেদ, বাপ্পা মজুমদার, তানভীর আহমেদ, সজীব, পিন্টু ঘোষ, মানাম আহমেদ ও ইজাজ খান স্বপন উপস্থিত থাকবেন।
