শেষ হলো অনন্য মামুনের ‘অমানুষ’

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২০:২৮

 বিনোদন রিপোর্ট

 

করোনার কারণে কিছুটা বিলম্ব হলেও অবশেষে শেষ হলো চিত্রনায়ক নিরবের ‘অমানুষ’ ছবির শুটিং। গতকাল অনন্য মামুন পরিচালিত এই ছবিটি শুটিং শেষ হয়েছে বলে জানান নিরব। ছবিটিতে নিরব ছাড়া আরো অভিনয় করেছেন মিথিলা, মিশা সওদাগর, নওশাবা, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনন্দ খালেদ, ক্রিস্টিয়ানো তন্ময়, ফারহান খান রিও প্রমুখ। ছবিটিতে নতুনরূপে দেখা মিলবে নিরবের। ছবিতে কাজ ও নিজের চরিত্র প্রসঙ্গে নিরব বলেন, ‘ভালো লাগছে অবশেষে অমানুষ-এর কাজ শেষ করতে পেরে। নিজেকে ভাঙার চেষ্টা এই ছবিতেও দেখতে পাবেন দর্শকরা। ভিন্ন এক নিরবকে উপস্থাপন করছি। এছাড়া গল্প-নির্মাণে বেশ পরিচ্ছন্ন আর উপভোগ্য একটি চলচ্চিত্র হতে যাচ্ছে এটি। প্রত্যাশা করছি, দর্শকের মনে দাগ কাটবে অমানুষ।’

অনন্য মামুন জানান, থ্রিলার ধাঁচের গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটির চিত্রনাট্য। লকডাউনের পর শেষ লটের শুটিং শুরু করেন তিনি। শেষ লটের শুটিংয়ে অংশ নিয়েছেন নিরব, মিথিলা, কাজী নওশাবা আহমেদ ও মিশা সওদাগরসহ অনেকে। পরিকল্পনা অনুযায়ী বেশ গুছিয়েই শেষ করেছেন ছবিটির শুটিং। এখন ডাবিং-এডিটিং শেষ করে ভালো দিন দেখে মুক্তি দিতে চান ‘অমানুষ’। অনন্য মামুন বলেন, ‘আমি আনন্দিত ছবিটির শুটিং ভালোভাবে শেষ করতে পারলাম। আমি সব কাজই অনেক গুছিয়ে করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এই ছবিটি দেখলেও তা বুঝতে পারবেন। অভিনয়, গল্প-নির্মাণ সকলের মন ছুঁয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’

উল্লেখ্য, এই ছবিটির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলার। এরইমধ্যে ছবিটির পোস্টারে নিরব, মিথিলার উপস্থিতি বেশ নজর কেড়েছে। পোস্টারে দেখা গেছে, নিরবের প্রায় ন্যাড়া মাথা। ময়লা লেগে থাকা জলপাই রঙা শার্ট। গলায় বড় আকারের তাবিজ। কালচে তামাটে মুখ। কোমরের বেল্টে পিস্তল গুঁজে রাখা। সব মিলিয়ে নিজেকে আমূল বদলে ফেলেছেন নিরব হোসেন। তার পেছনে রিভলবার হাতে রাফিয়াত রশিদ মিথিলা!