‘রক্তমাখা সিঁড়ি’র জন্য প্রশংসায় ভাসছেন

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২০:৫২

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

‘আমি বঙ্গবন্ধুকে নিজের চোখে দেখিনি। আমরা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম তারা বঙ্গবন্ধুকে দেখেছি এবং জানতে ও বুঝতে চেষ্টা করেছি বইয়ের পাতায়। তাঁর লেখা বই পড়ে কিংবা টিভিতে শুনেছি তার দরাজ কণ্ঠ, কল্পনায় এঁকেছি সেই অসাধারণ ব্যক্তিত্বকে, যাকে শুধু শ্রদ্ধাভরে ভালোবাসা যায়। কৃতজ্ঞচিত্তে স্মরণ করা যায়। বঙ্গবন্ধুর প্রতি সেই শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগের জায়গা থেকে এই প্রথম কোনো মিউজিক্যাল ডকু ফিল্মে অংশগ্রহণ করেছি। ধন্যবাদ জানাই পুরো টিমকে।’—জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত মিউজিক্যাল ডকু ফিল্ম ‘রক্তমাখা সিঁড়ি’ প্রসঙ্গে এভাবেই দর্শকনন্দিত গুণী অভিনেত্রী তারিন জাহান তার অনুভূতি প্রকাশ করেছেন। তারিনের ভাষ্যমতে, এবারই তিনি প্রথম কোনো মিউজিক্যাল ডকু ফিল্মে কাজ করেছেন। মূলত নিশীতা বড়ুয়ার গাওয়া ‘রক্তমাখা সিঁড়ি’ গানটি নিয়েই মিউজিক্যাল ডকু ফিল্মটি নির্মিত হয়েছে। গানটির সুর সংগীত করেছেন সুমন কল্যাণ। লিখেছেন সুজন হাজং। মিউজিক্যাল ডকু ফিল্মটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতী। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণে ক্যামেরায় ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফার কমল চন্দ্র দাস। শোক দিবস উপলক্ষে ১৭ আগস্ট ইউটিউবে গানটি প্রকাশ পায়। গানটির জন্য নিশীতা বড়ুয়া বেশ প্রশংসিত হচ্ছেন। ঠিক তেমনি গানটিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা পাচ্ছেন তারিন জাহানও। গত ১৭ আগস্ট তারিন তার ফেসবুক ওয়ালে গানটি শেয়ার করেছেন। সেখানে সুবর্ণা মুস্তাফা, সাদিয়া ইসলাম মৌসহ আরো অনেক সহশিল্পীই তার অভিনয়ের প্রশংসা করেছেন। মিউজিক্যাল ডকু ফিল্মটিতে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন আয়মান জামান প্রকৃত, অঙ্কিত বিপুল ও ভাস্কর রাশা। গত ঈদেও তারিন প্রশংসা কুড়িয়েছেন বেশ কয়েকটি নাটক, টিভি ফিচার ফিল্মে অভিনয় করে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তানিম রহমান অংশুর ‘সাহসিকা’, সোহেল হাসানের ‘অনাত্নীয় দম্পতি’ বিশেষভাবে দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। এছাড়াও ‘মধুচক্র’, ‘গৃহমায়া’য় তার অভিনয় প্রশংসিত হয়। লকডাউনের পরপরই তারিন হূদি হকের পরিচালনায় আবারো ‘১৯৭১ সেইসব দিনগুলো’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন।