ভারতে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। এক দিনে সংক্রমণ বেড়েছে ৪০ শতাংশ। গতকাল এক দিনে আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ১৭৮ জন। অথচ এক দিন আগে, অর্থাত্ মঙ্গলবার এই সংখ্যা ছিল ২৫ হাজারের নিচে। খবর জি নিউজের
স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দেশটিতে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭ জন। একই সময়ে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪০ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩২ হাজার ৫১৯। ভারতের বিভিন্ন প্রদেশের মধ্যে কেরালার অবস্থা সবচেয়ে খারাপ। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৬১৩ জন। মহারাষ্ট্রে আগের থেকে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪০৮। এরপর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু ১ হাজার ৮০৪ জন, কর্নাটকে ১ হাজার ২৯৮ জন, অন্ধ্র প্রদেশে ১ হাজার ৬৩ জন। ওড়িশা ও আসামেও আক্রান্তের সংখ্যা ১ হাজারের নিচে নেমেছে। ভারতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৪১৫। ১৪৮ দিনে এটি সর্বনিম্ন সক্রিয় রোগী। মোট আক্রান্তের মাত্র ১ দশমিক ১৪ শতাংশ বর্তমানে করোনায় আক্রান্ত রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম এত নিচে রয়েছে সক্রিয় রোগী। যদিও বিগত ২৩ দিন ধরে ৩ শতাংশের নিচেই রয়েছে দৈনিক সুস্থতার হার। বর্তমানে দৈনিক সুস্থতার হার ১ দশমিক ৯৬ শতাংশ।
