করোনা অনেক বেড়েছে। বাসায় অনেকেই অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করছেন। অক্সিজেন আগুন জ্বালাতে সহায়তা করে, তাই এটি তীব্র দাহ্য পদার্থ। ঘরে অক্সিজেন সিলিন্ডার রাখলে অবশ্যই কিছু বিষয় খুব গুরুত্ব দিয়ে খেয়াল রাখা প্রয়োজন। যেমন যে ঘরে সিলিন্ডার রাখা হবে, সে ঘরে আগুন জ্বলে থাকে এমন বস্তু রাখা যাবে না।
হয়তো অক্সিজেন সিলিন্ডারের খুব কাছেই জ্বলছে মশা নিধনের কয়েল। বড় ধরনের বিপত্তি ঘটাতে পারে এই সাধারণ একটি কয়েলই। সরাসরি বৈদ্যুতিক সুইচ ও প্যানেল বোর্ডের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার রাখা যাবে না। রান্নাঘর ও রান্নাঘরের খুব কাছে তো নয়ই। মাঝে মাঝেই অক্সিজেন সিলিন্ডার পরীক্ষা করা, যাতে সেটির মধ্যে কোনো লিকেজ আছে কি না তা বোঝা যায়। অনেক সময়ই দেখা যায়, না বুঝেই অনেকে কার্বন ডাই অক্সাইড গ্যাসের সিলিন্ডার অক্সিজেনের জন্য কিনে আনেন। এক্ষেত্রে অন্য গ্যসের সিলিন্ডারও ব্যবহার করে ফেলেন না বুঝেই। এ বিষয়টি মারাত্মক ঝুঁকির। সিলিন্ডার কেনার সময় মেয়াদ ও কোম্পানি এবং অক্সিজেনে ব্যবহূত হয়—এ বিষয়টি নিশ্চিত হয়ে কিনতে হবে। যাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, তাঁরা কোনো অক্সিজেন সিলিন্ডার বাসায় বা হাসপাতালে দেওয়ার আগে এ বিষয়গুলো রোগীকে বা তাঁর স্বজনকে জানিয়ে তারপর দেবেন। এতে করে সচেতনতার জায়গাটি বাড়বে। জীবন বাঁচানোর জন্য সিলিন্ডার যাতে মৃত্যুর কারণ না হয়, সে বিষয়ে সচেতন থাকা খুব জরুরি।
সাঈদ চৌধুরী, মাওনা, শ্রীপুর, গাজীপুর
