সেতু যখন অভিশাপ

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২১:০৭

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের সাহতা গ্রামের বাজার সংলগ্ন একটি সেতু রয়েছে। এই সেতুটি সাহতা গ্রাম ও দরুন সাহতাকে একত্র করেছে। ফলে এ অঞ্চলের মানুষের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে। সেতুর নিচ দিয়ে প্রবাহিত নদীটিতে সারা বছর পানি প্রবাহিত হয়। এটির শাখা নদীটি দিয়ে নৌপথে দুর্গাপুর, বারহাট্টা ও আটপারা উপজেলার মধ্যে যোগাযোগ রক্ষা করা যায়। আমরা জানি, সেতু শুধু  দুপারের মানুষের যোগাযোগ রক্ষার জন্য নয়। একটি সেতুর উপস্থিতি নৌপথে ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যাপক অবদান রাখে। কিন্তু দুঃখের বিষয়, সেতুটি যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বর্ষাকালে নদীর পানি সেতু সংলগ্ন হয়ে যায়। এতে সেতুর নিচ দিয়ে বড় বা মাঝারি ধরনের নৌযান চলাচল করতে পারে না। নৌযানগুলোকে নদীর দু-পারে দিনের পর দিন অপেক্ষা করতে হয়। কখন পানি কমবে, এ চিন্তায় দিন পার করতে হয়। গত বর্ষায় বালু পাথর বহনকারী একটি নৌযান এখানে ডুবে যায়। ফলে তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছিল। প্রসঙ্গত, এই নৌরুটটি বালু, পাথর ইত্যাদি পণ্য পরিবহনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই সেতুর অব্যবস্থাপনার কারণে বর্ষাকালে বিশেষ করে যখন পানি বেশি হয় তখন নৌযান চলাচল করা সম্ভব হয় না। সুতরাং এই সমস্যাটি দ্রুত সমাধান করে নৌচলাচলের অবাধ সুযোগ করে দেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের  দৃষ্টি আকর্ষণ করছি।

মো. রুজেল মিয়া

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়