স্পোর্টস ডেস্ক
আগামী ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে টোকিও প্যারা অলিম্পিক গেমস। আসরটিতে প্রথম নারী প্যারা অলিম্পিয়ান হিসেবে আফগানিস্তানকে প্রতিনিধিত্ব করার কথা তায়কোয়ান্দ অ্যাথলেট জাকিয়া খুদাদাদি। কিন্তু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কারণে প্যারা অলিম্পিকসে তার খেলা নিয়ে বিরাজ করছে রাজ্যের শঙ্কা। তবু আশা ছাড়ছেন না জাকিয়া। খেলতে দেওয়ার আকুতি জানিয়েছেন তিনি। জাকিয়া ছাড়াও প্যারা অলিম্পিকসে আফগানিস্তানের আরেক প্রতিনিধি হোসেইন রাসুলি। টোকিওর উদ্দেশ্যে গত মঙ্গলবারই দেশ ছাড়ার কথা ছিল তাদের। কিন্তু তালেবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর এখনো দেশেই রয়েছেন তারা।
এক বিবৃতিতে ২৩ বছর বয়সি জাকিয়া বলেন, ‘আমি একজন আফগান নারী এবং আফগান নারীদের প্রতিনিধি হিসেবে আমি আপনাদের অনুরোধ করছি, আমাকে সাহায্য করুন। আমার লক্ষ্য টোকিও প্যারা অলিম্পিক গেমসে অংশগ্রহণ করা। দয়া করে আমার পাশে থেকে আমাকে সাহায্য করুন। আমি ঘরবন্দি আছি, আত্মবিশ্বাস ও নিরাপত্তার অভাবে ঘর থেকে বের হতে পারছি না, নিজের জন্য কিছু কিনতে পারছি না এবং দ্রুত টোকিওতে কীভাবে যাব সে ব্যাপারে কাউকে জিজ্ঞেসও করতে পারছি না।’ জাকিয়াকে অলিম্পিকসে পাঠানোর ব্যাপারে পুরোদমে চেষ্টা করছেন লন্ডনে থাকা আফগানিস্তান প্যারা অলিম্পিকস দলের প্রধান আরিয়ান সাদিকি। যুক্তরাজ্য প্যারা অলিম্পিক কমিটির কাছে সাহায্যের আবেদন করবেন তিনি। তাতে যদি সাড়া না মেলে, সুইজারল্যান্ডে অবস্থিত স্পোর্টস ও হিউম্যান রাইটস কার্যালয়ে যাওয়ার চেষ্টা করবেন সাদিকি।
