বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২১:১৮

স্পোর্টস রিপোর্টার

সাফ চ্যাম্পিয়নশিপের ফিকশ্চার ঘোষণা করা হয়েছে। প্রথম দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও মালদ্বীপ। সাফ শুরু হবে ১ অক্টোরব। সাফের খেলা হবে মালদ্বীপের মালে শহরে, জাতীয় স্টেডিয়ামে।

এবার সাফের ফরমেশন পরিবর্তন হয়েছে। দল কম হওয়ায় এটি করা হয়েছে। পাঁচ দল নিয়ে লিগ পদ্ধতিতে খেলা হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনাল খেলবে ১৩ অক্টোবর। ভারত, মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা লড়াই করবে। আগে দুই গ্রুপ হতো সেখান থেকে সেমিফাইনাল হয়ে ফাইনালে উঠত। পাকিস্তান নেই। নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে আদালতে ঝুলছে এবং সে কারণে ফিফার নিষেধাজ্ঞা রয়েছে। ভুটান আসেনি করোনার কারণে।

ফিকশ্চার ঘোষণায় ড্র অনুষ্ঠান হয়নি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক জানিয়েছেন তিনি ফিফার নিয়ম অনুসরণ করে ফিকশ্চার তৈরি করেছেন। ফিফার বর্তমান র্যাংকিং অনুসারে পাঁচটি দলকে একটি গ্রুপে রেখে সিরিয়াল করা হয়েছে। সিরিয়াল অনুসারে গ্রুপ পর্যায়ের খেলা হলে কে কার প্রতিপক্ষ হতো এবং কার খেলা আগে হতে সেভাবে সাজিয়ে ফিকশ্চার করা হয়েছে।

পাঁচ দল নিয়ে লিগ ফরমেশনে খেলা হলে একটি দল চারটি করে ম্যাচ পাবে। গ্রুপ পদ্ধতিতে খেলা হলেও গ্রুপের ম্যাচ, সেমিফাইনাল এবং ফাইনাল নিয়ে পাঁচটি ম্যাচই পেত। এখানেও সেটি হবে।

জাতীয় দলের সাবেক ফুটবলার এবং জাতীয় দলের সাবেক ম্যানেজার সত্যজিত দাস রূপু সাফ নিয়ে কথা বলেছেন। তিনি মনে করেন চ্যাম্পিয়ন হতে ভাগ্য লাগে। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে আবাহনী শেখ রাসেলের ম্যাচের আগে সাফ নিয়ে কথা প্রসঙ্গে রূপু বললেন, ‘শুধু ভালো খেললেই চ্যাম্পিয়ন হওয়া যাবে না। চ্যাম্পিয়ন হতে ভাগ্য লাগে।’ কপালে আঙুল রেখে বলছিলেন এই সহযোগিতা না থাকলে যতই ভালো খেলেন লাভ নেই।’ এবারের সাফের ফরমেশন নিয়ে বলতে গিয়ে রূপু বললেন, ‘আগে গ্রুপ পর্বে খেলা হতো। হিসাব-নিকাশ ছিল ভিন্ন। এবার লিগ পদ্ধতিতে খেলা হলে আগে থেকে হিসাবটাও বোঝা যাবে। আমার মনে হয় এটা বাংলাদেশের ফুটবলারদের জন্য ভালো হবে।’ 

সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল ঢাকায়। কিন্তু করোনা সংক্রমণ, আন্তর্জাতিক ফ্লাইটের অনিশ্চিয়তা এবং বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কার কাজ চলায় সমস্যা দেখা দিয়েছে। মূলত সাফ ঢাকায় হয়নি ভেন্যু জটিলতায়। সুযোগটা লুফে নিয়েছে মালদ্বীপ ফুটবল ফেডারেশন। তারা এখন আয়োজন করছে এএফসি গ্রুপ পর্বের খেলা। যেখানে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের মোহনবাগান, ব্যাঙ্গালুরু এফসি এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টস খেলছে। এই একই মাঠে সাফের খেলাও হবে। মালদ্বীপের করোনা সংক্রমণের হার কম বলেই নাকি মালদ্বীপ সাফ আয়োজনের সুযোগটা তুলে নিয়েছে। 

সাফের ফিকশ্চার

ঘোষণা

১ অক্টোবর                    নেপাল-মালদ্বীপ

                          বাংলাদেশ-শ্রীলঙ্কা

৩ অক্টোবর                    বাংলাদেশ-ভারত

                                  শ্রীলঙ্কা-নেপাল

৬ অক্টোবর                    ভারত-শ্রীলঙ্কা

                                  বাংলাদেশ-মালদ্বীপ

৮ অক্টোবর                    মালদ্বীপ-শ্রীলঙ্কা

                                  নেপাল-ভারত

১১ অক্টোবর                  বাংলাদেশ-নেপাল

                                  ভারত-মালদ্বীপ

১৩ অক্টোবর                  ফাইনাল