পাহাড়ি কন্যাদের লড়াইয়ে খাগড়াছড়ির জয়

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২১:১৯

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম বিভাগের যে কোনো নারী ফুটবল টুর্নামেন্টে এককভাবে বছরের পর বছর রাজত্ব করে আসছিল পার্বত্য জেলা রাঙ্গামাটির মেয়েরা। কিন্তু গতকাল বঙ্গমাতা ফুটবলের বিভাগীয় পর্যায়ের প্রথম ম্যাচে অপর পার্বত্য জেলা খাগড়াছড়ির কাছে বিধ্বস্ত হয়ে দখলে থাকা দীর্ঘদিনের সিংহাসন হারাল তারা। ৬-১ গোলের দুর্দান্ত জয়ে বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট থেকে তাদের বিদায় করল খাগড়াছড়ির মেয়েরা।

গতকাল বুধবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে প্রতিপক্ষের চাপের মুখে কোনো শক্ত প্রতিরোধ গড়তে পারেনি রাঙ্গামাটি। ফলে পরাজয়ের জ্বালা সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ে তারা। খাগড়াছড়ির ৬ গোলের মধ্যে ক্রানুচিং ও কিতিং ত্রিপুরা ২টি করে এবং সেনারি চাকমা ও মামুচিং ১টি করে গোল করেন। পরাজিত দলের হয়ে একটি গোল শোধ করেন মিতা চাকমা।

মেয়েদের অপর খেলায় সুমা সদ্দারের হ্যাটট্রিকে নোয়াখালী জেলাকে ৫-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন দল। একই ভেন্যুতে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলের প্রথম খেলায় রাঙ্গামাটি পুরুষ দল ৩-১ গোলে হারিয়েছে খাগড়াছড়ি পুরুষ দলকে। ওয়াইং মার্মা ২টি, ইমন জ্যোতি চাকমা ১টি গোল করেন। জোবায়ের খাগড়াছড়ির হয়ে ১টি গোল পরিশোধ করেন। ছেলেদের অন্য খেলায় চট্টগ্রাম সিটি করপোরেশন দল নোয়াখালীকে হারিয়েছে ৭-০ গোলের বড় ব্যবধানে। মেহেদী, সাকিবুল ও জিহাদ ২টি করে এবং রায়হান অপর গোলটি করেন।