শিবপুর (নরসিংদী) সংবাদদাতা
শিবপুরে মঙ্গলবার বিকালে যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী পথচারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার শ্রীফুলিয়া এলাকার কিতাব আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও সৃষ্টিগড় এলাকার আয়েস আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬৫)। দুর্ঘটনায় আহত হয়েছে তানজিনা নামের এক কিশোরী। ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় হাজীবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইটখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৃষ্টিগড় হাজীবাগান এলাকায় সড়ক পার হওয়ার জন্য সড়কের পাশে দাঁড়ানো ছিলেন দুই নারী ও এক কিশোরী পথচারী। এ সময় সিলেট থেকে ঢাকাগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে রং সাইডে গিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কিশোরীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। নিহতদের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এছাড়া বাসটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, হাতিয়া উপজেলায় বুধবার দুপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। উপজেলার ছৈয়দিয়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত মো. মামুন (২৫) হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মামুদ দিদাল উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় অপর দুই আরোহী মো. সারাজ উদ্দিন ও মামুন উদ্দিন গুরুতর আহত হয়। তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মোহাম্মদ আনোয়রুল ইসলাম।
