কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
করোনা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। মিড টার্ম ও ক্লাস টেস্ট দিয়ে শুরু হবে অনলাইন পরীক্ষা। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, বিভাগগুলো চাইলে মিড টার্ম ও ক্লাস টেস্টের মাধ্যমে অনলাইনে পরীক্ষা শুরু করতে পারবে। বিভাগ সিদ্ধান্ত নিবে কীভাবে পরীক্ষা নেওয়া যাবে। চূড়ান্ত পরীক্ষার বিষয়ে তিনি বলেন, অর্ডিন্যান্সে চূড়ান্ত পরীক্ষা নেওয়ার নীতিমালা আছে। অনলাইনে পরীক্ষা নিতে অনুষদের ডিনবৃন্দ বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে বসে অনুষদ অনুযায়ী এক সপ্তাহের মধ্যে একটি নীতিমালা তৈরি করবে। আগামী ১০ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত পরীক্ষা শুরু করব। পাশাপাশি আইকিউসির মাধ্যমে ট্রেনিং চলবে। উল্লেখ্য, করোনা সংক্রমণের প্রভাবে গত বছরের ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। পরে ২০ ডিসেম্বর হতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু করে। আবারও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ বছরের ২৩ ফেব্রুয়ারি চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী সময়ে গত ৩ জুন একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তে পুনরায় ১৩ জুন থেকে সশরীরে পরীক্ষা শুরু হলেও ২৫ জুন স্থগিত করা হয়।
