সাংবাদিক তোয়াব খান হাসপাতালে

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২১:৩৪

ইত্তেফাক রিপোর্ট

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক তোয়াব খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার হূদেরাগে আক্রান্ত হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিত্সাধীন।

পরিবারিক সূত্র জানিয়েছে, গত রবিবার রাতে শ্বাসকষ্ট ও বুকে ব্যথার কারণে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালের সিসিইউতে চিকিত্সাধীন আছেন। আগে থেকেই তার হার্টের সমস্যা ছিল। কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে তোয়াব খানের ফুসফুসের সমস্যা ছিল। সোমবার রাতে ফুসফুস সমস্যা থেকে হার্টের সমস্যা এবং শ্বাসকষ্ট দেখা দেয়। বর্তমানে তিনি কথা বলছেন এবং স্বাভাবিক রয়েছেন।

তোয়াব খানের বয়স ৮৭ বছর। গত বছর তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তা থেকে মুক্ত হন। কিন্তু তখন থেকেই তিনি শারীরিক সমস্যায় ভুগছিলেন। ১৯৫৫ সালে সাংবাদিকতায় আসা তোয়াব খান ২০১৬ সালে একুশে পদক পেয়েছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব ছিলেন। এ ছাড়া তিনি দেশের প্রধান তথ্য কর্মকর্তা ও পিআইবির মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।