ইত্তেফাক রিপোর্ট
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৫২ লাখ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত ঐ মাদক ব্যবসায়ীর নাম সোহরাব আলী। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। মঙ্গলবার রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহরাব আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
র্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪-এর একটি দল আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহরাব আলীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে প্রায় ৫২ লাখ টাকা মূল্যের ৫২০ গ্রাম হেরোইন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত্ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।
