চট্টগ্রামে মৃন্ময় আর্ট গ্যালারিতে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ‘আলট্রামেরিন এওয়ার্ড এক্সিবিশন।’ ‘আলট্রামেরিন’ প্রখ্যাত চিত্রশিল্পী মুর্তজা বশীর ও তার স্ত্রী আমিনা বশীরের স্মৃতি রক্ষার্থে ব্যক্তিগত তহবিলে প্রতিষ্ঠিত একটি উদ্যোগ। প্রদর্শনীর উদ্বোধন করবেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান।
মৃন্ময় আর্ট গ্যালারির কর্ণধার শিল্পী ও ভাস্কর সামিনা এম করিম জানান, প্রদর্শনীতে থাকছে দেশি-বিদেশি প্রথিতযশা বায়ান্ন জন শিল্পীর চিত্রকর্ম। প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীর জন্য সার্টিফিকেট এবং বিজয়ী শিল্পীর জন্য থাকছে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ পুরস্কার।
আলট্রামেরিন আর্ট এক্সিবিশনে বিচারক হিসেবে থাকবেন শিল্পী গৌতম চক্রবর্তী এবং শিল্পী জামাল আহমেদ। আলট্রামেরিনের উদ্যোক্তা শিল্পী তনয়া মুনিজা বশীর এক্সিবিশনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মৃন্ময় আর্ট গ্যালারির কর্ণধার সামিনা এম করিম বলেছেন, মাসব্যাপী এই এক্সিবিশন চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।—প্রেসবিজ্ঞপ্তি
