পিবিআইকে তদন্তের নির্দেশ
বরিশাল অফিস
মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রমিজ আহমেদ এবং তার সরকারি গাড়িচালক ফরহাদ হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত মঙ্গলবার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন স্থানীয় একটি দৈনিক পত্রিকার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক ঐ দিন শুনানি শেষে মামলা গ্রহণ করে আগামী ১৭ অক্টোবরের মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম জানান, বাদী একজন সাংবাদিক। তিনি বিভিন্ন অনিয়মের খবর প্রকাশ করেন। প্রকাশিত খবর তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। ঐ পোস্টে ডা. রমিজ আহমেদের প্ররোচনায় তার সরকারি গাড়িচালক ফরহাদ কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে মামলায় উল্লেখ করা হয়। এতে বাদীর সম্মানহানী হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিচারক মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
মামলার বিষয়ে ডা. রমিজ আহমেদ বলেন, মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে খবর প্রকাশের ভয়ভীতি দেখিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক এবং কর্মচারীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। সে মনগড়া তথ্য সাজিয়ে তার (ডা. রমিজ) কাছে ৪৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় গত ১০ জুন আদালতে মনিরুলকে আসামি করে মামলা করা হয়। মামলা থেকে পরিত্রাণ পেতে তিনি পালটা মামলা করেন বলে অভিযোগ করেন ডা. রমিজ।
