চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে ধানের তুষ, কাপড়ের রং ও কয়লার গুঁড়ো মিশিয়ে তৈরি করা ৪০ কেজি ভেজাল মসলা ধ্বংস করা হয়েছে। এভাবেই মরিচ ও হলুদের গুঁড়া তৈরি করে বিক্রি করত নগরীর খাতুনগঞ্জের জনি মসলা মিল নামের একটি প্রতিষ্ঠান। গতকাল বুধবার প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভেজাল মসলা ধ্বংসের পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজউল্লাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপিয়া সুলতানা লিজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন।
পৃথক অভিযানে মেয়াদোত্তীর্ণ ও কাটা ওষুধ বিক্রির দায়ে কোতোয়ালি মোড়ের ইউনাইটেড মেডিসিন সেন্টারকে ৮ হাজার টাকা, নিউমার্কেট মোড়ের ফরিদুল আলম কোম্পানিকে মেয়াদোত্তীর্ণ দই বিক্রির জন্য রাখায় ২০ হাজার টাকা জরিমানাসহ দইগুলো ধ্বংস, মহিম দাশ সড়কের আল ফারুক স্টোরকে উত্পাদন ও মেয়াদ উল্লেখবিহীন মোড়কজাত দুধ, বৈধ আমদানিকারকবিহীন বিদেশি পণ্য সংরক্ষণ করায় ৭ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।
