মাগুরা প্রতিনিধি
ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে তার পরিবারের পক্ষ থেকে শহরের কলেজপাড়ায় নিজ বাড়িতে দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। ভাষা আন্দোলনে ছাত্রনেতৃত্বের কারণে ১৯৫৪ সালের ২৭ ফেব্রুয়ারি বেলুচ আর্মড ফোর্স ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়াকে গ্রেফতার করা হয়। সে সময় তিনি মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি পাঠ বিরতির পর মাগুরা মহাকুমা মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন এবং মাগুরা কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি লাভ করেন। সর্বশেষ কর্মজীবনে তিনি মাগুরা সদর উপজেলা রাজস্ব কর্মকর্তা ছিলেন। তিনি প্রতিষ্ঠা করেছেন মাগুরা শ্রীপুরের নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজ। ভাষা আন্দোলনে তার গৌরবময় ভূমিকার স্বীকৃতিস্বরূপ ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও মিউজিয়াম এবং সাপ্তাহিক সমধারা পত্রিকা তাকে ২০১৪ সালে মরণোত্তর সম্মাননা প্রদান করে। এছাড়া তার নামে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল কেষ্টপুর সড়কের নামকরণ করা হয়েছে।
