চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় জামিন পাননি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। গতকাল বুধবার বাবুলের জামিন আবেদন নামঞ্জুর করেন মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান। এর আগে গত ১০ আগস্ট মহানগর হাকিম মো. শফি উদ্দিনের আদালতে বাবুলের জামিন আবেদন নামঞ্জুর হয়েছিল। ঐ আদেশের বিরুদ্ধে আপিল করে মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন বাবুলের আইনজীবী। তার আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আমরা মিস কেস করে জামিন আবেদন করেছিলাম। আদালত নামঞ্জুর করেছে। ২০১৬ সালের ৫ জুন সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে নগরীর ওআর নিজাম রোড আবাসিক এলাকার সামনে গুলি করে ও কুপিয়ে মাহমুদা খানম মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে মামলা করেন বাবুল আক্তার। গত ১২ মে আদালতে এই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা পিবিআই। একই দিন মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে আট জনের বিরুদ্ধে নতুন একটি হত্যা মামলা করেন।
