পরীমনির পাঁচ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২২:৫২

চিত্রনায়িকা পরীমনির মাদক মামলায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছে সিআইডি। রিমান্ডের আবেদন থাকায় পরীমনির আইনজীবী জামিনের আবেদন প্রত্যাহার করেছেন। গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে জামিন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি পরীমনির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। এরপর ম্যাজিস্ট্রেট শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ১৬ আগস্ট পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেন। এরপর বিচারক আবেদন বিষয়ে বুধবার শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।   মাদক মামলায় ১৩ আগস্ট পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঐ দিন সন্ধ্যা ৭টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এখন তিনি সেখানেই আছেন। তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে (রজনীগন্ধা ভবন) রাখা হয়েছে। পরীমনি ডিভিশন পাননি, তাই কোয়ারেন্টাইন সময় পার হওয়ার পর তাকে অন্য সাধারণ বন্দির সঙ্গেই রাখা হবে।