স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন হেলেনা জাহাঙ্গীর

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২২:৫২

রাজধানীর গুলশান থানায় করা মাদক, বন্যপ্রাণী সংরক্ষণসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক সাজেদা লতা আসামি হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করেন। তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার জন্য মহানগর হাকিম আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল তার জবানবন্দি  রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এ সময় মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুঁইয়ার আদালতে আসামি পক্ষে আইনজীবী শফিকুল ইসলাম জামিন  চেয়ে শুনানি করতে আবেদন করেন। বিচারক তখন বলেন, এই মামলায় হেলেনা জাহাঙ্গীর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করছেন, যার ফলে জামিনের আবেদন গ্রহণযোগ্য নয়।

এরপর আইনজীবী বলেন, তাহলে আমার জামিন আবেদন নথিভুক্ত করা হোক। বিচারক জামিনের আবেদন নথিভুক্ত করে বৃহস্পতিবার জামিন শুনানির জন্য তারিখ দেন।

এর আগে এদিন পল্লবী থানায় করা প্রতারণা মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন নাকচ করেন ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম। তবে মঙ্গলবার পল্লবী থানার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরকে জামিন দেয় আদালত। র্যাব গত ২৯ জুলাই রাতে রাজধানীর গুলশান থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে।