গ্লুকোমাসহ শারীরিক নানা জটিলতায় আক্রান্ত কবি হেলাল হাফিজকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয়। হেলাল হাফিজ কিডনির জটিলতা, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, বেশ কিছুদিন থেকেই হেলাল হাফিজ অসুস্থ। তার করোনা টেস্ট করা হয়েছিল। তা নেগেটিভ আসে। কবি তাকে জানান, তার শারীরিক অবস্থার খবর পেয়ে প্রধানমন্ত্রী সিএমএইচে ভর্তির নির্দেশ দেন।
গ্লুকোমা আক্রান্ত হয়ে কবির একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল আগেই। অন্য চোখটির অবস্থাও ভালো নয়। ৭৩ বছর বয়সি চিরকুমার এই কবির চিকিত্সার সার্বিক সমন্বয় করছেন মেজর ডা. আশেকুজ্জামান।
গতকাল বুধবার টেলিফোনে হেলাল হাফিজ ইত্তেফাককে জানান, তিনি খুব দুর্বল বোধ করছেন। তার বিভিন্ন টেস্ট করা হয়েছে। এসব টেস্টের রেজাল্ট পাওয়ার পর চিকিত্সা শুরু হবে। তিনি সকলের দোয়া চেয়েছেন।
হেলাল হাফিজ সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। ১৯৮৬ সালে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। ‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’ তার কবিতার পঙিক্ত স্লোগানে পরিণত হয়ে যায়।
