নারী অফিস সহকারী কর্তৃক মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে জুতাপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মঙ্গলাবার রাতে অধ্যক্ষ বাদী হয়ে ঐ অফিস সহকারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বিষয়টি নিয়ে শিক্ষক সমাজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে উপজেলা কলেজ শিক্ষক সমিতির নেতারা মঙ্গলবার রাতে জরুরি সভা করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জানা গেছে, একই কলেজের অফিস সহকারী ফরিদা ইয়াসমিন স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় অধিকাংশ সময় কলেজে অনুপস্থিত থাকেন। কলেজের নিয়মনীতি তোয়াক্কা না করায় অধ্যক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার দিন সোমবার তাকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া শিক্ষার্থীদের নাম রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করার জন্য বলা হয়। সে আদেশ কর্ণপাত না করায় অধ্যক্ষ রেজিস্টার খাতা নিয়ে অফিস সহকারীর টেবিলে যান এবং পুনরায় তাকে বললে ১০-১২ জন শিক্ষার্থী ও স্টাফের উপস্থিতিতে ফরিদা ইয়াসমিন হঠাত্ ক্ষুব্ধ হয়ে পায়ের জুতা খুলে অধ্যক্ষকে পেটাতে শুরু করেন। উপস্থিত শিক্ষার্থীরা অধ্যক্ষকে রক্ষা করে অফিস কক্ষের বাইরে নিয়ে যায়। অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন। তবে এ ঘটনায় অভিযুক্ত ফরিদা ইয়াসমিনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আজিজি জানান, ঘটনাটি মৌখিকভাবে শুনেছি, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
